‘ন্যায়বিচার নিশ্চিত না হলে সব উন্নয়নই প্রশ্নবিদ্ধ’: হুঁ শি য়া রি হাসনাত আবদুল্লাহর

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের কার্ড বা সুবিধা দিচ্ছে। কিন্তু দেশের মানুষ আসল যে জিনিসটি পাচ্ছে না, তা হলো ন্যায়বিচার। তাই আমরা সরকারের কাছে এখন ‘জাস্টিস কার্ড’ বা ন্যায়বিচারের কার্ড দাবি করছি।

বুধবার (২০ মে) রাত ৮টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের সার্বিক পরিস্থিতির সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, “দেশে এখনও বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি বিদ্যমান রয়েছে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা দিন দিন সংকুচিত হয়ে পড়েছে। গুম ও হত্যার ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি, বরং বিচার না পাওয়ার আশঙ্কায় ভুক্তভোগীরা অনেক সময় আইনি আশ্রয় নেওয়া থেকেও বিরত থাকছেন।”

তিনি মাঠপর্যায়ের নানা সংকটের কথা তুলে ধরে বলেন, “হাসপাতালে আইসিইউয়ের অভাব, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া, থানায় দালাল চক্রের দৌরাত্ম্য—এসব সমস্যা এখনো বহাল রয়েছে। ফলে সাধারণ মানুষ তাদের ন্যায্য সেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে।”

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যত দিন পর্যন্ত সমাজে সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত না হবে, তত দিন সরকারের সব উন্নয়নমূলক উদ্যোগই জনগণের কাছে প্রশ্নবিদ্ধ থাকবে। তিনি যোগ করেন, নাগরিক অধিকার নিশ্চিত করা না হলে জনগণ একদিন ব্যালটের মাধ্যমে কিংবা গণপ্রতিরোধের মুখে এর উপযুক্ত জবাব দেবে।

পথসভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ এবং কুমিল্লা জেলার তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহসহ দলটির স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *