ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘হাবু ভাই’ খ্যাত জনপ্রিয় অভিনেতা চাষী আলম আবারও বাবা হয়েছেন। বুধবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর কাফরুলের হাইটেক মাল্টিকেয়ার পার্ক হাসপাতালে তাঁর স্ত্রী তুলতুল ইসলাম একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। সংবাদমাধ্যমকে অভিনেতা নিজেই এই আনন্দের খবরটি নিশ্চিত করেছেন।
চাষী আলম বলেন, “বুধবার রাত পৌনে ৯টার দিকে আমার স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছে। আলহামদুলিল্লাহ, নবজাতক এবং মা দুজনেই সুস্থ ও ভালো আছেন। আমাদের নতুন অতিথির জন্য আপনারা সবাই দোয়া করবেন।”
এর আগে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সংক্ষিপ্ত পোস্টের মাধ্যমে এই সুখবরটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করেন অভিনেতা। তিনি তাঁর ফেসবুক আইডিতে লেখেন, ‘আলহামদুলিল্লাহ্ দ্বিতীয়।’ মুহূর্তের মধ্যেই তাঁর সেই পোস্টে ভক্ত ও বিনোদন অঙ্গনের সহকর্মীদের শুভেচ্ছার বন্যা বয়ে যায়।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ আগস্ট পারিবারিকভাবে জমকালো আয়োজনে তুলতুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। এরপর ২০২৪ সালের ১০ জুলাই এই দম্পতির কোল আলো করে আসে প্রথম পুত্র সন্তান। নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক পরিচিতি ও তুমুল জনপ্রিয়তা লাভ করেন চাষী আলম।
