নওগাঁর নিয়ামতপুরে এক হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন, ছেলে পারভেজ ইসলাম ও মেয়ে সাদিয়া রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ঘরে প্রবেশ করেন। এ সময় খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের নিথর দেহ দেখতে পান তিনি। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং ঘটনাটি পুলিশকে জানানো হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।
