চলতি বছরে ৬৫ বার পরিবর্তন! আজ ১৭ মে নতুন দামে মিলছে স্বর্ণ

দেশের বাজারে রেকর্ড দাম বাড়ার পর এবার বড় ধরনের পতন হয়েছে স্বর্ণের মূল্যে। সবশেষ গতকাল শনিবার (১৬ মে) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম অনুযায়ী আজ রোববার (১৭ মে) থেকে বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের সবশেষ মূল্যতালিকা অনুযায়ী, আজ দেশের বাজারে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে ক্রেতাদের খরচ করতে হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

এর পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে বাজুস জানিয়েছে, এই মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করে চূড়ান্ত দাম নির্ধারিত হবে। গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারে চলতি বছর এখন পর্যন্ত রেকর্ড ৬৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হলেও ৩০ বার কমানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *