বিদেশি দালালদের কারণেই ১৯ বছর ধরে দেশের মানুষের কষ্ট: অলি আহমদ

দেশে বিদেশি দালালদের কারণে সাধারণ মানুষ দীর্ঘ ১৯ বছর ধরে চরম ভোগান্তি পোহাচ্ছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। এই ‘দালালদের’ চিহ্নিত করে তাদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে এলডিপি চেয়ারম্যান বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী দেশ ভারত ক্রমাগত হস্তক্ষেপ করছে এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নানা ধরনের উত্তেজনা তৈরি করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের চিত্র তুলে ধরে অলি আহমদ বলেন, “দেশে বর্তমানে বহুমুখী সংকট চলছে। বিদেশি বিনিয়োগ আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে, বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। এর ফলে বেকারত্ব বাড়ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।”

বাজারদর ও আইনশৃঙ্খলার সমালোচনা করে তিনি আরও বলেন, দেশে চাঁদাবাজি এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বেকার সমস্যা সমাধান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক ব্যবস্থাপনা এবং দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এই প্রবীণ রাজনীতিবিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *