সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে লুকিয়ে থাকা মার্কিন সেনাদের লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। শনিবার (২৮ মার্চ) আলজাজিরা ও ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগরি জানিয়েছেন, দুবাইয়ের দুটি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। জোলফাগরির দাবি অনুযায়ী, ওই স্থানগুলোতে ৫০০-র বেশি মার্কিন সেনা লুকিয়ে ছিলেন এবং হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, “আমাদের শক্তিশালী আক্রমণের মুখে মার্কিন সেনারা ঘাঁটি ছেড়ে বাইরে গিয়ে লুকিয়ে ছিল, যা আমরা আগেই সতর্ক করেছিলাম।”
এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি দাবি করেছেন, পশ্চিম এশিয়ায় অবস্থিত অন্তত ১৭টি মার্কিন সামরিক ঘাঁটি ইতিমধ্যে গুঁড়িয়ে দিয়েছে ইরান। শুক্রবার (২৭ মার্চ) মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। শেখারচি বলেন, “যুক্তরাষ্ট্র এই অঞ্চলে যে ১৭টি ঘাঁটি স্থাপন করেছিল, সেগুলো রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছে।”
২০২৫ সালের জুন মাসে সংঘটিত ১২ দিনের ইসরায়েল-ইরান সংঘাতের কথা উল্লেখ করে শেখারচি জানান, ওই যুদ্ধের পর ইরান তাদের প্রতিরক্ষামূলক নীতি পরিবর্তন করে আরও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। মার্কিন নেতৃত্বের প্রতি হুঁশিয়ারি দিয়ে জোলফাগরি বলেন, “এই অঞ্চল আমেরিকান সেনাদের জন্য কবরস্থানে পরিণত হবে এবং শেষ পর্যন্ত তাদের আত্মসমর্পণ ছাড়া উপায় থাকবে না।”
