পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের টানা পাঁচ দিনের বিশেষ অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম আজ শেষ হচ্ছে। শেষ দিনে আজ রোববার (১৭ মে) দেওয়া হচ্ছে আগামী ২৭ মে’র ট্রেনের অগ্রিম টিকিট।
পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে দেশের পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এরপর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রির কার্যক্রম।
ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের (রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ) মাধ্যমে বিক্রি করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। তবে টিকিট বিক্রির চাপ কমানো এবং সার্ভার সচল রাখার সুবিধার্থে এবার অঞ্চলভেদে দুই দফায় টিকিট ছাড়ার সিদ্ধান্ত কার্যকর রয়েছে।
এদিকে বিশেষ এই অগ্রিম টিকিটের ক্ষেত্রে কোনো প্রকার রিফান্ড বা টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে রেলওয়ে।
রেলওয়ে সূত্রে আরও জানা গেছে, আজ নিয়মিত সিডিউলের অগ্রিম টিকিট বিক্রি শেষ হলেও ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে পরবর্তী ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রি করা হবে।
