নারায়ণগঞ্জে ঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপি ও এনসিপি সমর্থকদের সংঘর্ষ; আহত ৫

নারায়ণগঞ্জ সদর উপজেলায় রাজাপুর গুদারাঘাটের ইজারা শিডিউল জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ এবং এনসিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এই উত্তেজনা সৃষ্টি হয়। সংঘর্ষে এনসিপি সমর্থক তরিকুল ইসলামসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গুদারাঘাটের শিডিউল জমা দিতে যান জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আলিফ দেওয়ানের সমর্থকরা। এ সময় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম গ্রুপ ও বিএনপি নেতা রশিদ মেম্বার গ্রুপ তাঁদের বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা, পরে ধাক্কাধাক্কি এবং শেষে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। দুপুর ২টা পর্যন্ত থেমে থেমে এই উত্তেজনা চলতে থাকে।

জেলা এনসিপি নেতা আলিফ দেওয়ান অভিযোগ করেন, “নির্ধারিত সময়ে শিডিউল জমা দিতে গেলে বিএনপির লোকজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা প্রদান করে। তাদের হামলায় আমাদের তৌহিদ ও তরিকুলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।” তবে বাধার মুখেও তরিকুল শেষ পর্যন্ত শিডিউল জমা দিতে সক্ষম হন বলে তিনি জানান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন জানান, শিডিউল জমা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, “গুদারাঘাট নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *