কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (৩০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ধন্যবাদ জানান।
ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, প্রধানমন্ত্রী কোনো আগাম ঘোষণা ছাড়াই রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং বর্জ্য অপসারণ কার্যক্রমের সার্বিক অবস্থা নিজে পর্যবেক্ষণ করেছেন। এই পরিদর্শনের সময় বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার প্রমাণ পাওয়ায় ইতিমধ্যে দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সারজিস আলম তার পোস্টে লেখেন, “প্রকৃতপক্ষে যে সামষ্টিক ব্যবস্থাটি এ অবস্থার জন্য দায়ী, তাদের সবাইকে শাস্তির আওতায় আনা না হলেও এ উদ্যোগ প্রশংসার দাবিদার। এ জন্য তারেক রহমানকে (প্রধানমন্ত্রী) ধন্যবাদ।”
একই পোস্টে তিনি শুধু বর্জ্য ব্যবস্থাপনাই নয়, বরং দেশের অন্যান্য জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধানেও প্রধানমন্ত্রীকে এমন ঝটিকা সফরের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের মতো বিষয়গুলোতেও প্রধানমন্ত্রীর উচিত ছদ্মবেশে মাঠপর্যায়ে গিয়ে বাস্তব অভিজ্ঞতা নেওয়া।
