স্পীকারের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক, রোহিঙ্গা ও তিস্তা ইস্যুতে চীনের সহযোগিতা চান স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেছেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী এবং বিশ্বস্ত বন্ধু। বুধবার (২২ এপ্রিল) সংসদ ভবনে তাঁর কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকালে স্পীকার দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের যে মাইলফলক স্থাপিত হয়েছিল, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সফর তা নতুন উচ্চতায় নিয়ে গেছে। তিনি দুই দেশের সংসদীয় যোগাযোগ বৃদ্ধিতে ‘সংসদীয় মৈত্রী গ্রুপ’ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় স্পীকার তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং রোহিঙ্গা সংকট নিরসনে চীনের সক্রিয় ভূমিকার আহ্বান জানান। জবাবে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের প্রশংসা করেন এবং স্পীকার হিসেবে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এ বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলা ও আঞ্চলিক উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *