ঢালিউড অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের কাণ্ডারি ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন। প্রিয় সহকর্মীর এই অসুস্থতার খবর কোনোভাবেই মানতে পারছেন না অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
বিস্ময় প্রকাশ করে চম্পা বলেন, “এটা সত্যিই অনেক দুঃখজনক। কখনোই ভাবতে পারিনি যে কাঞ্চন ভাইয়ের এই দুঃসংবাদ এত তাড়াতাড়ি শুনতে হবে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” দীর্ঘ ক্যারিয়ারে তাঁরা একসঙ্গে অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন, যে কারণে সহকর্মীর এই শারীরিক সংকট চম্পাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে।
অতীতের স্মৃতি হাতড়ে চম্পা বলেন, “কাজের ক্ষেত্রে কাঞ্চন ভাইয়ের সঙ্গে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে। একবার শুটিংয়ের সময় উনি অনেক উঁচু পাহাড় থেকে পড়ে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকেও উনি লড়াই করে ফিরে এসেছেন। তিনি আমাদের সবার কাছে এক উজ্জ্বল পথপ্রদর্শক ছিলেন।” চম্পা আশা করেন, অতীতের মতো এবারও লড়াই করে ফিরে আসবেন কাঞ্চন।
কাঞ্চনের আধ্যাত্মিক দিকটি তুলে ধরে চম্পা জানান, কাঞ্চন ভাই নিয়মিত ধর্ম পালন করতেন এবং অন্যদেরও উদ্বুদ্ধ করতেন। “আমার সঙ্গে দেখা হলেই বলতেন—তুমি নামাজ পড়ো, তুমি এটা পড়বে ওটা পড়বে। উনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সেই মানুষটি এভাবে শয্যাশায়ী হবেন তা ভাবা যায় না,” বলেন তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে লন্ডনে যাওয়ার পর আগস্টে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি লন্ডনে তাঁর মেয়ের বাসায় থেকে নিয়মিত থেরাপি ও চেকআপ নিচ্ছেন। চম্পাসহ পুরো চলচ্চিত্র অঙ্গন এখন তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছে।
