জ্বালানি তেলের অপচয় রোধ ও সঠিক বণ্টন নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলায় আজ থেকে ‘ফুয়েল কার্ড’ পদ্ধতিতে তেল বিক্রি শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ৭টা থেকে জেলার ৪টি উপজেলার ২২টি তেল পাম্পে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এখন থেকে সরকার নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহন মালিক বা চালক জ্বালানি তেল কিনতে পারবেন না।
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে গত ২৯ মার্চ অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্ডের মাধ্যমে তেল বিতরণ করা হবে। ফুয়েল কার্ড বিতরণের জন্য অতিরিক্ত সময় বৃদ্ধি করা হলেও আজ থেকেই বাধ্যতামূলকভাবে কার্ড প্রদর্শন করতে হচ্ছে গ্রাহকদের। তেলের সঠিক বণ্টন তদারকিতে প্রতিটি পাম্পে পুলিশের পাশাপাশি একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে।
সেচ কার্যক্রম ও কৃষি উৎপাদন সচল রাখতে কৃষকদের জন্য এই নিয়মে বিশেষ শিথিলতা রাখা হয়েছে। কৃষকরা ফুয়েল কার্ড ছাড়াই দিন-রাত ২৪ ঘণ্টা পাম্প থেকে ডিজেল সংগ্রহ করতে পারবেন।
জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের মজুদ ও বিপণন ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ। সাধারণ গ্রাহকদের কার্ড সংগ্রহে আরও দুই দিন সময় বাড়ানো হয়েছে যাতে কেউ এই সেবা থেকে বঞ্চিত না হন।
