টাঙ্গাইলে জ্বালানি তেলের তীব্র সংকট; পাম্পে পাম্পে ‘তেল নেই’ নোটিশ

টাঙ্গাইল জেলায় জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল না থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। বুধবার (১ এপ্রিল) সরজমিনে বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে, বেশিরভাগ স্টেশনেই ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড ঝুলছে।

যেসব পাম্পে সীমিত আকারে তেল পাওয়া যাচ্ছে, সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। ভুক্তভোগী চালকদের অভিযোগ, অনেক পাম্পে তেল মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। পাম্পে সাধারণ গ্রাহকদের ফিরিয়ে দিয়ে গোপনে বাইরে বেশি দামে তেল বিক্রি করার অভিযোগও উঠেছে অনেক পাম্প মালিকের বিরুদ্ধে। এতে করে গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃত্রিম সংকট রোধে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে অবৈধ মজুতের দায়ে বেশ কিছু পাম্পে জরিমানা ও তেল জব্দ করা হয়েছে। জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *