বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট নবায়নে সৃষ্ট জটিলতা ও ধীরগতি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।
ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে চরম ধীরগতি ও নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। এই সমস্যার প্রতিকার চেয়ে অনেকেই তাঁর কাছে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
ডা. শফিকুর রহমান সরকারকে উদ্দেশ করে লেখেন, “আমরা সরকারকে আহ্বান জানাব, আমাদের রেমিট্যান্সযোদ্ধাদের এই অতি জরুরি বিষয়টির দিকে যেন শিগগিরই নজর দেওয়া হয় এবং সমস্যার আশু সমাধান করা হয়।”
প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে তিনি আরও লেখেন, “প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে, ইনশাআল্লাহ। আর প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে।” পোস্টের শেষাংশে তিনি প্রবাসী ভাই-বোনদের প্রতি দোয়া ও ভালোবাসা জ্ঞাপন করেন।
