বান্দরবানের টংকাবতী এলাকা থেকে ৬ রাবার শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাতিরডেরা নামক দুর্গম এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়।
অপহৃত শ্রমিকরা হলেন- নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্ল্যাহ, রমিত ও সাকিব। তাঁরা সবাই স্থানীয় একটি রাবার বাগানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
প্রাথমিক তথ্যানুযায়ী, বুধবার রাতে শ্রমিকরা যখন তাঁদের কর্মস্থলে বিশ্রামে ছিলেন, তখন অজ্ঞাতনামা একদল সশস্ত্র দুষ্কৃতকারী বাগানে অতর্কিত হামলা চালায় এবং অস্ত্রের মুখে ওই ৬ জনকে তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকেই নিখোঁজ শ্রমিকদের পরিবার ও সহকর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
বান্দরবান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণের খবর পাওয়ার পরপরই পুলিশ কাজ শুরু করেছে। তিনি বলেন, “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছি। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ চলছে। অপহৃতদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই অপহরণের দায় স্বীকার করেনি কিংবা অপহৃতদের পরিবারের কাছে কোনো মুক্তিপণ দাবি করা হয়নি।
