কলকাতার ইডেন গার্ডেন্সে রোমাঞ্চকর এক লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ভারতের এই জয়ের ফলে নিশ্চিত হয়ে গেল আসরের শেষ চারের লাইনআপ। ভারত ও দক্ষিণ আফ্রিকার অগ্রযাত্রায় বিদায় নিতে হলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে।
সুপার এইট পর্বে গ্রুপ–১ থেকে টানা সব ম্যাচ জিতে টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, দ্বিতীয় জয় তুলে নিয়ে ৪ পয়েন্টসহ রানার্সআপ হিসেবে শেষ চারে নাম লেখালো ভারত।
দুই হাই-ভোল্টেজ সেমিফাইনালের সূচি এখন চূড়ান্ত:
প্রথম সেমিফাইনাল: ৪ মার্চ, ইডেন গার্ডেন্স (কলকাতা) — নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় সেমিফাইনাল: ৫ মার্চ, ওয়াংখেড়ে স্টেডিয়াম (মুম্বাই) — ভারত বনাম ইংল্যান্ড।
এই দুই ম্যাচের বিজয়ীরা আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।
এবারের সেমিফাইনালিস্টদের মধ্যে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি। অন্যদিকে, ভারত ও ইংল্যান্ড—উভয় দলের ঝুলিতেই রয়েছে দুটি করে ট্রফি। যদি ভারত বা ইংল্যান্ডের কেউ চ্যাম্পিয়ন হয়, তবে তারাই হবে ইতিহাসের প্রথম তিনবারের টি-টোয়েন্টি বিশ্বসেরা।
এখন পর্যন্ত টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল হিসেবে খেলছে দক্ষিণ আফ্রিকা। সুপার এইটের শেষ ম্যাচেও তারা জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে জয়ের ধারা বজায় রেখেছে। ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় আছেন ২০২৪ বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তির। যদি ভারত ও দক্ষিণ আফ্রিকা নিজ নিজ সেমিফাইনাল জেতে, তবে আবারও শিরোপার লড়াইয়ে দেখা যাবে এই দুই পরাশক্তিকে।
বিশ্বকাপ এখন শেষ বাঁকে। চার দল এবং মাত্র তিনটি ম্যাচ—এরপরই জানা যাবে কার মাথায় উঠছে বিশ্বজয়ের মুকুট।
