অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরলেন মুশফিকুর রহিম

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে কয়েক দিন বিদেশে আটকে থাকার পর অবশেষে নিরাপদেই দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আজ সোমবার সকাল ১০টার দিকে তিনি রাজধানী ঢাকায় অবতরণ করেন।

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন মুশফিক। গত শুক্রবারই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু ওই সময় ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করা হলে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন তিনি। তার সঙ্গে আরও অনেক যাত্রী একই পরিস্থিতির শিকার হন।
মুশফিক প্রথমে জেদ্দা থেকে দুবাই হয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা করেছিলেন। দুবাই পৌঁছানোর পর পরিস্থিতি জটিল হওয়ায় ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়। ফলে নির্ধারিত সময়ে তার ফেরা সম্ভব হয়নি।

রোববার রাতে বিমানে ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় দেশে ফেরার খবর নিশ্চিত করেন মুশফিক। তিনি লেখেন,
“বাড়ির পথে, আলহামদুলিল্লাহ। নিরাপদে ফ্লাইটে উঠেছি। ইনশাআল্লাহ সকালে ঢাকায় থাকব। গত ২৪ ঘণ্টায় যারা খোঁজ নিয়েছেন ও দোয়া করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।”

মুশফিকের আটকে পড়ার বিষয়টি শুরু থেকেই গুরুত্বের সঙ্গে দেখেছিল সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি তদারকি করছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সরকারের কূটনৈতিক ও প্রশাসনিক তৎপরতার পর শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে সক্ষম হলেন এই তারকা ক্রিকেটার।
বর্তমানে মুশফিক ঢাকায় নিজ বাসভবনে বিশ্রাম নিচ্ছেন। দ্রুতই তিনি দলের অনুশীলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *