রাজধানীর অসহনীয় যানজট নিয়ন্ত্রণে আনতে ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার। আগামী ছয় মাসের মধ্যে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আরও ৫০টি আধুনিক ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নকশা ও পরিকল্পনায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে দুই সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সম্প্রতি স্থানীয় সরকার বিভাগে আয়োজিত এক সমন্বয় সভায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন সচিব মো. শহীদুল হাসান। সভায় জানানো হয়, বর্তমানে রাজধানীর সাতটি প্রধান মোড়ে এই আধুনিক ব্যবস্থা সচল রয়েছে। চলমান প্রকল্পের আওতায় ১৫টির কাজ শেষ পর্যায়ে এবং নতুন করে আরও ৩৫টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে।
বুয়েটের সাথে প্রাথমিক চুক্তির ১৮ কোটি টাকা ব্যয়ে মোট ২২টি সিগন্যাল বাতি বসানোর কথা থাকলেও, পরবর্তী ধাপে ঢাকার গুরুত্বপূর্ণ ১২০টি ক্রসিংকেই এই আধুনিক নেটওয়ার্কের আওতায় আনা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালু হলে ট্রাফিক পুলিশের ওপর চাপ কমার পাশাপাশি যান চলাচলে শৃঙ্খলা ফিরবে।
