ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের আওতায় চলতি মাসে তৃতীয় দফায় ৭ হাজার টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রেলহেড ওয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনালে এই জ্বালানি তেলের চালানটি গ্রহণ করা হয়।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাইপলাইনের মাধ্যমে আসা এই ডিজেলগুলো বর্তমানে ডিপোর নির্ধারিত ট্যাংকে মজুদের কাজ চলছে। এতে উত্তরাঞ্চলসহ দেশের সার্বিক জ্বালানি তেলের চাহিদা পূরণ এবং সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল হবে।
উল্লেখ্য, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে সরাসরি জ্বালানি আমদানি করায় খরচ যেমন কমছে, তেমনি সময়ও সাশ্রয় হচ্ছে। বর্তমান সরকারের এই অগ্রাধিকারমূলক প্রকল্পের মাধ্যমে নিয়মিত বিরতিতে ভারত থেকে ডিজেল আসার ফলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
