রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন নেত্রকোণা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য এম.এ করিম আব্বাসীকে দেখতে গেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
গতকাল ২৫ এপ্রিল (শনিবার) রাত সাড়ে ৮টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান এবং সাবেক এই প্রবীণ রাজনীতিবিদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ডেপুটি স্পিকার সেখানে উপস্থিত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং করিম আব্বাসীর চিকিৎসার অগ্রগতি ও সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন। তিনি প্রবীণ এই জননেতার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, এম.এ করিম আব্বাসী নেত্রকোণার কলমাকান্দা ও দুর্গাপুর এলাকা থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
