রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা লেককে সম্পূর্ণ পরিবেশবান্ধব, দৃষ্টিনন্দন এবং আধুনিক নাগরিকবান্ধব করে গড়ে তোলার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল মঙ্গলবার (১৯ মে ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই লেকগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই।
উচ্চপর্যায়ের এই বৈঠকে লেকের পানি দূষণমুক্ত ও নিয়ন্ত্রণ করা, পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, লেকগুলোর সৌন্দর্যবর্ধন কার্যক্রম আরও জোরদার করা এবং লেককেন্দ্রিক আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা গুলশান-বনানী-বারিধারা লেকের বর্তমান পরিস্থিতি ও বিদ্যমান সমস্যাগুলো প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। একই সঙ্গে লেকগুলোর দীর্ঘমেয়াদি সুরক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন মাস্টারপ্ল্যান, নতুন নতুন উদ্যোগ ও করণীয় বিষয়ে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত ও পরিকল্পনা পেশ করেন।
