দেশের অভ্যন্তরীণ ৫টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গতকালের ভয়াবহ বজ্রপাতে প্রাণহানির ঘটনার পর আজকের এই পূর্বাভাস উপকূলীয় ও নদীবর্তী এলাকার মানুষের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিকেলের মধ্যে ঝড়ের তীব্রতা বাড়ার আশঙ্কায় নৌ-চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
