কসবায় কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল ২৬ এপ্রিল (রবিবার) দুপুরে তাঁকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী জানান, শনিবার (২৫ এপ্রিল) রাতে র‍্যাব-৯ ও র‍্যাব-১ এর একটি চৌকস দল রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করে। তিনি কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মেহারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। আউয়াল শিমরাইল গ্রামের আব্দুল লতিফ মেম্বারের ছেলে।

নিহত দ্বীন ইসলাম কসবার শফিকুল ইসলামের ছেলে। তিনি ‘তালাশক্রাইম দৃষ্টি’ নামে একটি ফেসবুক ও ইউটিউব পেজ পরিচালনা করতেন, যেখানে তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত ভিডিও প্রচার ও সোচ্চার ছিলেন। এই কারণেই স্থানীয় মাদকচক্রের সাথে তাঁর বিরোধ তৈরি হয়। নিরাপত্তাহীনতার কারণে তিনি কুমিল্লা শহরে বসবাস করলেও ঈদুল ফিতর কাটাতে বাড়ি এলে ২০-৩০ জনের একটি সংঘবদ্ধ দল তাঁকে তুলে নিয়ে যায়।

অপহরণের পর দ্বীন ইসলামকে বেধড়ক পিটিয়ে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রাখা হয়। পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় কসবার সাধারণ মানুষ ও কনটেন্ট ক্রিয়েটরদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, মামলার বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *