জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে ৬.২ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫টা ২৩ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ)।
জেএমএ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮৩ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে মাত্রা ৬.১ বলা হলেও পরে তা সংশোধন করে ৬.২ নির্ধারণ করা হয়। গভীরতা বেশি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও হোক্কাইডোর বিস্তীর্ণ এলাকা প্রবলভাবে কেঁপে ওঠে। তবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করেনি।
জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি সতর্ক করে বলেছে, আগামী এক সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ভূমিকম্পের ফলে হোক্কাইডোর কিছু এলাকায় পাথরধস ও ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে। এর কয়েক ঘণ্টা আগে ওই একই অঞ্চলে ৫.০ মাত্রার আরও একটি মৃদু কম্পন অনুভূত হয়েছিল।
উল্লেখ্য, গত সপ্তাহে উত্তর ইওয়াতে প্রদেশে ৭.৭ মাত্রার একটি বড় ভূমিকম্পের পর থেকেই পুরো জাপান জুড়ে উচ্চ সতর্কতা জারি রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। বছরে গড়ে প্রায় ১,৫০০টি ভূমিকম্প এই দেশে অনুভূত হয়। ২০১১ সালের ৯.০ মাত্রার প্রলয়ঙ্কারী ভূমিকম্প ও সুনামির দুঃসহ স্মৃতি জাপানিদের মনে এখনও আতঙ্ক জাগিয়ে তোলে।
