দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার (২৬ এপ্রিল) পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনার পরপরই এই বড় সিদ্ধান্ত নিল দল।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাস, সহিংসতা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবু-কে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহম্মেদ-কে তাঁর সাংগঠনিক পদ এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির-কে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
উল্লেখ্য, সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা ও তাঁর ব্যবহৃত গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। যদিও বহিষ্কারের বিজ্ঞপ্তিতে এই ঘটনার সরাসরি উল্লেখ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে ওই হামলার পরিপ্রেক্ষিতেই দলীয়ভাবে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
