মাহমুদুল হত্যা মামলায় সাবেক ডিজিএফআই পরিচালক আফজাল নাছেরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর উত্তরা পূর্ব থানায় মাহমুদুল হাসান হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

দুই দিনের রিমান্ড শেষে আজ আফজাল নাছেরকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম। তদন্তের স্বার্থে আসামিকে পুনরায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৩ ও ২৭ এপ্রিল পৃথকভাবে তাঁর মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নিয়েছিলেন মাহমুদুল হাসান। বিকেল ৪টার সময় উত্তরা পূর্ব থানার আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে আন্দোলনকারীরা পৌঁছালে আফজাল নাছেরসহ অন্যান্য আসামিরা মিছিলে নির্বিচারে গুলি চালায়। এতে মাহমুদুল হাসান গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ৩০ মার্চ গভীর রাতে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে রাজধানীর পৃথক কয়েকটির থানায় দায়ের করা মামলায় তাঁকে পর্যায়ক্রমে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *