মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদক বহনকারী একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসতবাড়িতে ঢুকে পড়েছে। এতে ঘরের দেয়াল ভেঙে গৃহকর্তা আহত হয়েছেন। আজ বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে এই অদ্ভুত ও ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তেরঘরিয়া গ্রামের আরশাদ আলীর বাড়িটি সড়কের পাশেই অবস্থিত। ভোরে যখন পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন, তখন একটি দ্রুতগতির প্রাইভেটকার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ইটের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার চোটে দেয়াল ভেঙে প্রাইভেটকারটি ঘরের ভেতর ঢুকে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা গৃহকর্তা আরশাদ আলী আহত হন।
দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে উল্টে থাকা গাড়িটির ভেতর গাঁজা দেখতে পান। এ সময় তারা অনিক হোসেন বিপ্লব নামে একজনকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিপ্লবকে হেফাজতে নেয় এবং গাড়ি তল্লাশি করে প্রায় দেড় কেজি গাঁজা উদ্ধার করে।
মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) শিমুল দাস জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে দ্রুতগতিতে পালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটায়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আহত আরশাদ আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
