বলিউড তারকাদের লাইফস্টাইল আর ক্যামেরার ফ্ল্যাশ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তবে সেই ক্যামেরার লেন্স যখন সীমা অতিক্রম করে, তখন তারকারাও চুপ থাকেন না। এবার পাপারাজ্জিদের কড়া ভাষায় সতর্ক করলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। পেছন থেকে জুম করে ছবি তোলার মতো ‘অসুস্থ’ অভ্যাসের বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন তিনি।
রিয়েলিটি শো ‘ইন্ডিয়া’স বেস্ট ড্যান্সার সিজন ৫’-এর শুটিং সেটে সম্প্রতি এই ঘটনাটি ঘটে। এই অনুষ্ঠানে বিচারক হিসেবে কাজ করছেন কারিশমা, সাথে আছেন গীতা কাপুর, টেরেন্স লুইস ও জাভেদ জাফর। শুটিং শুরুর আগে প্রথা অনুযায়ী আলোকচিত্রীদের পোজ দিচ্ছিলেন কারিশমা। ঠিক তখনই তিনি লক্ষ্য করেন কয়েকজন আলোকচিত্রী দৃষ্টিকটুভাবে জুম করে ছবি তুলছেন।
তাৎক্ষণিক রাগান্বিত হয়ে কারিশমা বলেন, “বেশি জুম করবেন না। আপনাদের অনেকে খুবই খারাপভাবে ছবি তুলতে চান।” এই ধরনের মনমানসিকতাকে অভিনেত্রী সরাসরি ‘অসুস্থ’ বলে মন্তব্য করেন। তাঁর এই কড়া বার্তার ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির একটি ভিডিও নিয়েও তোলপাড় হয়েছিল, যেখানে সিদ্ধার্থকে সরিয়ে কেবল কিয়ারাকে জুম করা হয়েছিল। অনেক নারী তারকা দীর্ঘদিন ধরে এই ধরনের ‘অ্যাঙ্গেল’ ও জুম করার প্রবণতা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন। কারিশমা কাপুরের এই প্রতিবাদী অবস্থানকে নেটিজেনদের বড় একটি অংশ সাধুবাদ জানাচ্ছে।
