সুন্দরী প্রতিযোগিতা থেকে ক্যারিয়ার শুরু করে আজ বলিউডেও নিজের নাম উজ্জ্বল করেছেন আজমেরী হক বাঁধন। পর্দার বলিষ্ঠ এই অভিনেত্রী এবার ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে দিলেন এক চমকপ্রদ তথ্য। সম্প্রতি ‘এপি স্টার’-এর একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসে তিনি জানিয়েছেন, দুটি বিচ্ছেদ হওয়ার পরও তাঁর বিয়ের শখ মেটেনি এবং তিনি আবারও বিয়ে করতে চান।
সাক্ষাৎকারে বাঁধন তাঁর অতীত সম্পর্ক নিয়ে ঠাট্টা করে বলেন, “আমার দুইটা বিয়ে হয়ে দুইটা বিচ্ছেদ হয়েছে, তাও বিয়ের শখ মেটে না। প্রায়ই মাঝেমধ্যে আমার ভেতর থেকে মনে হয় আরেকটা বিয়ে করি।” নিজের প্রাক্তনদের নিয়ে স্মৃতিচারণ করে হাসি মুখে তিনি যোগ করেন, “জীবনে একটা প্রপার স্বামীও নেই। যে দুজন ছিল, তারাও বদের বদ।”
ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ মন্ত্রীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। এই চরিত্রে কাজ করার পেছনের কারণ জানিয়ে তিনি বলেন, “সবাই আমাকে গরিব বা দুঃখী চরিত্রে নিচ্ছিল। আমার চেহারার মধ্যে যে একটা আভিজাত্যের ছাপ আছে, সেটি কোনো নির্মাতা কাজে লাগাচ্ছিলেন না। তবে এই ছবিতে তামিম আমাকে মন্ত্রীর বউ হওয়ার সুযোগ দিয়েছেন। সত্যি বলতে, আমার মন্ত্রী বউ হওয়ার পাশাপাশি বাস্তবে মন্ত্রী হওয়ারও ইচ্ছে ছিল।”
সিনেমাটিতে চঞ্চল চৌধুরীর সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্কের রসায়ন নিয়ে বেশ উচ্ছ্বসিত বাঁধন। তিনি বলেন, “পর্দায় আমার কোনো স্বামী থাকে না, থাকলেও বাস্তবের মতো হয়ে যায়। কিন্তু এই ছবিতে চঞ্চল ভাই আর আমার রসায়ন দেখে মানুষ কল্পনা করবে—একদম মাখো মাখো অবস্থা!”
