কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত লেগে মো. মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (০২ মে) বেলা ১১টার দিকে উপজেলার জগৎপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাক মিয়া বুড়িচং পৌরসভার জগৎপুর গ্রামের আবদুস ছামাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিদ্যালয় মাঠে একটি গাছ কাটার কাজ করছিলেন মোস্তাক। এসময় হাতে থাকা ইলেকট্রিক করাতটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সরাসরি তাঁর গলায় আঘাত করে। এতে তাঁর গলার বেশির ভাগ অংশ কেটে যায়। উপস্থিত লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার ডা. মো. জাহিদ হাসান জানান, করাতের আঘাতে গলার গভীর ক্ষত সৃষ্টি হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
