রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঞ্চল্যকর খন্দকার নাইম আহমেদ টিটন হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। আজ শনিবার (২ মে) দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামলার বাদী ও নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিপন বলেন, “আমার ছোট ভাই টিটনকে হত্যার পর পিচ্চি হেলাল একটি অডিও রেকর্ড ছড়িয়ে দিয়ে পারিবারিক কলহের যে দাবি করেছে তা সম্পূর্ণ বানোয়াট। মূলত তদন্ত কর্মকর্তাদের বিভ্রান্ত করতেই সে এই অপকৌশল নিয়েছে।” তিনি জোর দিয়ে বলেন, তাঁদের ১১ ভাই-বোনের মধ্যে সুসম্পর্ক রয়েছে এবং ভগ্নিপতি সানজিদুল হাসান ইমনের সঙ্গে কোনো বিরোধ নেই।
রিপন জানান, পিচ্চি হেলাল মোহাম্মদপুর, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় প্রভাব বিস্তার এবং আসন্ন কোরবানির পশুর হাটের ব্যবসা নিয়ন্ত্রণে রাখতেই টিটনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এছাড়া জেলখানায় থাকাকালীনও টিটনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়েছিল। হত্যাকাণ্ডের দেড় মাস আগেই টিটন তাঁর ভাইকে জানিয়েছিলেন যে, হেলাল তাঁকে হত্যার নীল নকশা করছে।
অডিও রেকর্ডের সত্যতা নিয়ে রিপন বলেন, “আমি আমার ফোন ফরেনসিকে দিতে প্রস্তুত। তবে পিচ্চি হেলালের ব্যবহৃত সবকটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিকে পাঠানো হোক। তাহলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।” তিনি উল্লেখ করেন, হেলাল একজন চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে কমিশনার রাজু হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে নিহত টিটনের শোকাহত পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং পিচ্চি হেলাল ও তার সহযোগীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে টিটন হত্যা মামলার আইনজীবী এডভোকেট জিয়াউর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
