ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শনিবার সকাল থেকেই চলছে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাত এখনই থামছে না; বরং থেমে থেমে আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। একইসাথে দেশের ১৫টি জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী – রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
শনিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতিরিক্ত বৃষ্টির ফলে এসব এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত রয়েছে, যার ফলে বৃষ্টির তীব্রতা বাড়ছে। বিশেষ করে সিলেট ও ঢাকা বিভাগে গত কয়েক ঘণ্টার বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে এসেছে। পাহাড়ি এলাকায় বসবাসরতদের বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
