রাজধানীতে নতুন করে কেউ ‘শীর্ষ সন্ত্রাসী’ সেজে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। তিনি জানান, অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং তাদের ওপর সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা হয়েছে।
শনিবার (২ মে) রাজধানীর কারওয়ান বাজারে নতুন একটি পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, “রাজধানীতে আগের মতো শীর্ষ সন্ত্রাসী এখন তেমন নেই। যারা আছেন, তারা পুরোনো সন্ত্রাসীদের সহযোগী মাত্র। তারা নতুন করে শীর্ষ সন্ত্রাসী সাজতে চাচ্ছেন, কিন্তু তাদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।”
কারওয়ান বাজার এলাকার অপরাধ শূন্যে নামিয়ে আনতে এই ক্যাম্পটি বিশেষভাবে কাজ করবে বলে জানান মো. সরওয়ার। তিনি বলেন, এই ক্যাম্পে সার্বক্ষণিক ২০ জনের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। স্থানীয় ব্যবসায়ীরা যেকোনো চাঁদাবাজি বা অপরাধের বিষয়ে সরাসরি বা গোপনে এখানে অভিযোগ করতে পারবেন। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক মামলা ও ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীজুড়ে মাদক ও চাঁদাবাজি বিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। চাঁদাবাজ যে দলের বা যে স্তরেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিযান আরও জোরদার করার ঘোষণা দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এবং ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
