চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার। একইসঙ্গে গণিতের চারটি মৌলিক বিষয়—যোগ, বিয়োগ, গুণ ও ভাগ—শতভাগ শিক্ষার্থীকে দক্ষভাবে শেখানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা বন্ধের সতর্কতাও দেওয়া হয়েছে।
সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ নির্দেশনা দেন। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো থেকে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কাছে চিঠি পাঠানো শুরু হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রতিদিন বাংলা ও ইংরেজি বই থেকে অন্তত পাঁচ পৃষ্ঠা জোরে জোরে পড়াতে হবে এবং গণিতের মৌলিক চার নিয়ম চর্চার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
লক্ষ্যমাত্রা অনুযায়ী, আগামী জুনের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিত এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে ৯০ শতাংশ দক্ষতা নিশ্চিত করতে হবে। জুলাইয়ের মধ্যে তা শতভাগে উন্নীত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বেতন-ভাতা বন্ধসহ ব্যবস্থা নেওয়া হতে পারে। একইসঙ্গে বিদ্যালয়ভিত্তিক পরিকল্পনা তৈরি করে আগামী ১০ মের মধ্যে জেলা অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন জানিয়েছেন, সচিবের নির্দেশনা অনুযায়ী সব জেলায় একই ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি রিডিং দক্ষতা নিশ্চিত করতেই হবে। এটি বাস্তবায়ন ছাড়া সরকারের শিক্ষা লক্ষ্য পূরণ সম্ভব নয়।
