চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালি সমুদ্র সৈকতে দোলনায় বসাকে কেন্দ্র করে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে সৈকত এলাকায় এই ঘটনা ঘটে।
আহত পর্যটকরা ঢাকার বারিধারার নতুনপাড়া এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর শিক্ষার্থী। তাঁরা হলেন—শেখ জাহিল আবরার (২১), তাজিম (২৪), মো. রাজু (২২), মো. ফজলে রাব্বি (২১), মো. রাদ (২১), সৈয়দ তাসফিকুল ইসলাম (২৫), মো. আলিফ (২১) ও মেহেদী হাসান (২২)। এদের মধ্যে ফজলে রাব্বির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি সাতজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
গুলিয়াখালি সৈকত কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে আসা কয়েকজন পর্যটক একটি দোলনায় বসতে গেলে সেটি ছিঁড়ে যায়। এ নিয়ে স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
তবে আহত শিক্ষার্থী মাহীন অভিযোগ করে বলেন, “আমরা ১০ বন্ধু ঘুরতে এসেছিলাম। আমাদের দুই বন্ধুকে একা পেয়ে স্থানীয়রা দোলনায় বসাকে কেন্দ্র করে অতর্কিত হামলা চালায়। পরে আমরা মীমাংসা করতে গেলে আমাদের ওপরও হামলা চালানো হয় এবং মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।” তিনি আক্ষেপ করে বলেন, “কখনো আর এখানে আসব না এবং কাউকে আসতেও বলব না।”
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পুলিশ আসার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। মোবাইলগুলো উদ্ধার করা সম্ভব হলেও এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করতে খোঁজখবর নিচ্ছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
