প্রতিশ্রুতি বাস্তবায়নের যুদ্ধে নামার ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; তৃণমূলের সাথে মতবিনিময়

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের কঠিন লড়াই ও স্বৈরাচারবিরোধী আন্দোলন সফলভাবে শেষ হয়েছে। তবে বিশ্রামের সুযোগ নেই; বরং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার এক নতুন যুদ্ধে এখন নামতে হবে। আজ শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) বিএনপি এবং এর সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আমাদের আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। আর সেই যুদ্ধটি হলো জনগণকে দেওয়া আমাদের প্রতিটি প্রতিশ্রুতি (কমিটমেন্ট) বাস্তবায়ন করা।” তিনি জোর দিয়ে বলেন, বিএনপি এমন একটি দেশ গড়তে চায় যেখানে শিক্ষার্থীরা শিক্ষার চমৎকার পরিবেশ পাবে এবং দেশের প্রতিটি মানুষ—নারী-পুরুষ নির্বিশেষে রাস্তায় নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের নির্যাতনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীরা গুম, খুন ও অবর্ণনীয় নির্যাতনের শিকার হওয়ার পরও একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশের স্বপ্ন দেখেছে। তিনি বলেন, “আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে সুস্থ তর্ক-বিতর্ক থাকবে এবং মানুষের কথা বলার অবারিত সুযোগ থাকবে। আমাদের সরকার সেই পরিবেশ নিশ্চিত করবে।”

গত ১২ জানুয়ারির নির্বাচনের জয়কে জনগণের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, “নির্বাচনটি যে কঠিন হবে তা আমি আগেই বলেছিলাম। দেশের ৫২ শতাংশ মানুষ সরাসরি আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছেন। নির্বাচনের আগ পর্যন্ত এটি দলের ইশতেহার থাকলেও, সরকার গঠনের পর এটি এখন পুরো বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।”

তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নে এখন সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতা দিয়ে কাজ করতে হবে। নির্বাচনী জয়কে কেবল ক্ষমতারোহণ নয়, বরং মানুষের সেবা করার সুযোগ হিসেবে দেখতে হবে।

সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য এবং সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *