‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে মুখ খুললেন জেবা জান্নাত

পরিচালক হাসান জাহাঙ্গীরের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্কের শেষ নেই। চিত্রনায়িকা মৌসুমীর অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে বিস্ময় প্রকাশ করলেন তরুণ অভিনেত্রী জেবা জান্নাত। সিনেমার পোস্টারে মৌসুমীর পাশাপাশি জেবাকে দেখা গেলেও অভিনেত্রীর দাবি—তিনি এই নামের কোনো সিনেমা কিংবা নাটকে কখনোই কাজ করেননি।

সিনেমার পোস্টারে নিজের উপস্থিতি দেখে রীতিমতো আকাশ থেকে পড়েছেন জেবা। গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের কোনো প্রজেক্টের সাথে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। এমনকি এই সিনেমার শুটিং তো দূরে থাক, সিনেমার নামটিও তিনি পোস্টার দেখে প্রথমবার শুনেছেন। পোস্টারে তাঁর ছবি কীভাবে এলো—এ বিষয়ে তিনি সম্পূর্ণ অন্ধকারে।

এর আগে ঢালিউডের প্রিয়দর্শিনী মৌসুমী এই সিনেমা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছিলেন। তাঁর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রে থাকাকালীন নাটকের কথা বলে হাসান জাহাঙ্গীর এই শুটিং করেছিলেন। কিন্তু এখন সেই ফুটেজ জোড়াতালি দিয়ে সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হয়েছে। মৌসুমী সরাসরি বলেছিলেন, ‘এটি কোনো সিনেমা নয়।’

মৌসুমীর পর জেবা জান্নাতের এমন মন্তব্যে সিনেমাটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। দর্শক ও শোবিজ মহলে আলোচনা চলছে—তবে কি শিল্পীদের অগোচরেই তাঁদের ফুটেজ ব্যবহার করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে? একের পর এক অভিযোগে পরিচালক হাসান জাহাঙ্গীর এখন কোণঠাসা।

তবে এ বিষয়ে এখনো পরিচালকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নাটকের ফুটেজ দিয়ে সিনেমা বানানো এবং শিল্পীদের সম্মতি ছাড়াই পোস্টারে ব্যবহারের এই ঘটনা ঢাকাই সিনেমার ইতিহাসে এক অদ্ভুত বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *