বিদ্যুৎ সাশ্রয়ে আর্থিক প্রতিষ্ঠানের নতুন সময়সূচি; কাল থেকে অফিস ১০টা-৫টা

দেশের চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সব আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ঘোষিত পরিবর্তিত অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১(২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নতুন সময়সূচি জারি করা হয়েছে। দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে ইতিমধ্যে এই নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২ এপ্রিল সরকার সব সরকারি ও বেসরকারি অফিসের সময়সীমা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছিল। সরকারের সেই সিদ্ধান্তের আলোকেই এখন আর্থিক খাতের সময়সূচিতেও পরিবর্তন আনা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *