সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহজুড়ে এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে এই প্রবণতা আরও বৃদ্ধি পাবে।
আবহহাওয়া অফিস আশঙ্কা করছে, আগামী সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে এই ঝড়-বৃষ্টির পর বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে এবং তাপমাত্রা পুনরায় ক্রমান্বয়ে বাড়তে পারে।
শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ফেনী ও কুড়িগ্রামের রাজারহাটেও বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।
