নির্বাচনের পর প্রথম বৈঠক: তারেক রহমানের সভাপতিত্বে বসছে বিএনপির স্থায়ী কমিটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণে বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার (৪ এপ্রিল) রাত পৌনে ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের পর রাষ্ট্র পরিচালনা এবং দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এই বৈঠকটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

স্থায়ী কমিটির এই সভায় সরাসরি ও ভার্চুয়ালি অংশ নিয়েছেন দলের শীর্ষ নেতারা। উপস্থিত রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া ভার্চুয়ালি যুক্ত রয়েছেন নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।

নির্বাচন-পরবর্তী দেশের সার্বিক পরিস্থিতি এবং নতুন সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *