পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, অপরাধীকে আইনের আওতায় আনতে গিয়ে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে কড়া নজর দিতে হবে।
শনিবার (৯ মে) এক বাণীতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে পেশাদারত্বের আদর্শে উজ্জীবিত হয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। ভুক্তভোগীদের আইনি সেবা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ দমনে কঠোরতা এবং মানবাধিকার রক্ষায় নিরপেক্ষতা বজায় রাখা সমান গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, আইজিপি মো. আলী হোসেন ফকির তাঁর বাণীতে পুলিশের প্রযুক্তিগত আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন। তিনি জানান, এবারের পুলিশ সপ্তাহের স্লোগান রাখা হয়েছে—‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’। আইজিপি অঙ্গীকার করেন যে, পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব, গতিশীল ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তোলা হবে।
উল্লেখ্য, ১০ মে থেকে ১৩ মে পর্যন্ত চার দিনব্যাপী সারা দেশে পুলিশ সপ্তাহ-২০২৬ উদযাপিত হবে।
