চলতি বছরে ৩৫ বার বাড়ল স্বর্ণের দাম, জেনে নিন আজকের বাজারদর

দেশের বাজারে আবারও বৃদ্ধি পেয়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই নতুন দর ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ২১৩ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। প্রতি ভরিতে ১১৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা। ২১ ক্যারেট ৫ হাজার ৫৪০ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৪ টাকায় বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৫ বারই দাম বেড়েছে। গত ২০২৫ সালেও রেকর্ড ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *