আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করলেন হাইকোর্ট

চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালত আজ শুধুমাত্র আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসের জামিন আবেদন খারিজ করেছেন। তবে তাঁর বিরুদ্ধে থাকা বাকি চারটি মামলার জামিন সংক্রান্ত রুলের ওপর আদেশের জন্য আগামীকাল সোমবার (১১ মে) দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত ৭ মে এই পাঁচটি মামলায় জামিন প্রশ্নে জারিকৃত রুলের ওপর শুনানি শেষ হয়েছিল।

উল্লেখ্য, গত বছরের ৩০ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়ার পরপরই এই পাঁচটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে ১ সেপ্টেম্বর এসব মামলায় তাঁর জামিন কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

২০২৪ সালের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। ওই বছরের ২৫ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হলে আদালত প্রাঙ্গণে তাঁর অনুসারীরা হট্টগোল শুরু করে। এর ধারাবাহিকতায় ২৬ নভেম্বর সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড ও পরবর্তী গোলযোগের ঘটনায় চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে হত্যাসহ পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়।

আজ আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *