সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন অবস্থানের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সোমবার (১১ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।
মন্ত্রী বলেন, “অন্য কোনো দেশে কী ঘটছে, সেটা বড় কথা নয়; বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের অত্যাচার, জুলুম বা নির্যাতন সহ্য করা হবে না। প্রয়োজনে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না।”
ভারতে সংখ্যালঘু পরিস্থিতির ওপর এক প্রশ্নের জবাবে কায়কোবাদ বলেন, “ভারত একটি বিশাল দেশ এবং গণতন্ত্র লালন করায় আমি তাদের শ্রদ্ধা করি। তবে তারা যদি তাদের দেশের সংখ্যালঘুদের আরও বেশি আপন করে নেয় এবং নিরাপত্তা নিশ্চিত করে, তবে আমার শ্রদ্ধা আরও বাড়বে।” তিনি স্পষ্ট করে বলেন, প্রতিবেশী দেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার প্রভাব বাংলাদেশে পড়তে দেওয়া হবে না।
সংলাপে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ সংশ্লিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ধর্মমন্ত্রী এসময় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় বর্তমান সরকারের দৃঢ় প্রতিজ্ঞার কথা পুনর্ব্যক্ত করেন।
