যমুনা সেতু নির্মাণ এবং পদ্মা সেতুর প্রাথমিক উদ্যোগ গ্রহণের কৃতিত্ব দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
এদিন মন্ত্রী পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সেতুমন্ত্রী বলেন, “যমুনা সেতু আমরা করেছি, আর পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম। এই ধারাবাহিক উন্নয়ন আমাদেরই অবদান।”
পদ্মা সেতু জাদুঘর নির্মাণের গুরুত্ব তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, “পদ্মা সেতু জাদুঘর আরও আগেই হওয়া উচিত ছিল। তৎকালীন সরকার কেন এটি করেনি তা আমার জানা নেই। তবে দেশের বৃহত্তম স্বার্থে এবং আগামী প্রজন্মকে এই বিশাল স্থাপনার নির্মাণ ইতিহাস বিশদভাবে জানাতে এই জাদুঘরটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল।”
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী পরিবেশ রক্ষায় দেশজুড়ে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা করে বাঁচিয়ে তুলতে হবে।”
