ক্যাম্প ন্যুতে উৎসবের আমেজ এখনো তুঙ্গে। রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে ২৯তম লা লিগা শিরোপা জয়ের পর এবার বার্সেলোনার জন্য অপেক্ষা করছে বড় অঙ্কের অর্থ পুরস্কার। টানা দ্বিতীয় এবং চার বছরে তৃতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়ে কাতালানরা কেবল ট্রফিই জেতেনি, নিশ্চিত করেছে ক্লাবের আর্থিক সমৃদ্ধিও।
লা লিগার নিয়ম অনুযায়ী, প্রতি বছর টেলিভিশন স্বত্ব থেকে উপার্জিত অর্থের একটি বড় অংশ চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয়। যদিও সঠিক অঙ্কটি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে এবার বার্সার প্রাইজমানি ৬ কোটি থেকে ৯ কোটি ইউরোর (ইউরোপীয় মুদ্রা) মধ্যে থাকবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৬৫ কোটি টাকা থেকে ১ হাজার ৩০০ কোটি টাকার মধ্যে।
উল্লেখ্য, ২০২২-২৩ মৌসুমে শিরোপা জিতে বার্সা পেয়েছিল ৬ কোটি ১০ লাখ ইউরোর কিছু বেশি। বর্তমান বাজারে টেলিভিশন স্বত্বের মূল্য বৃদ্ধি পাওয়ায় এবার এই অর্থের পরিমাণ আরও বাড়বে।
ক্লাব সূত্রে জানা গেছে, এই বিশাল পুরস্কারের অর্থ প্রধানত নবনির্মিত ক্যাম্প ন্যুর নির্মাণ কাজে ব্যয় করা হবে। এছাড়া বার্সেলোনা এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠায় এবং স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ায় সেখান থেকেও বড় অঙ্কের বোনাস পাবে। তবে লা লিগা জয় থেকেই সবচেয়ে বড় প্রাইজমানিটি তাদের ঝুলিতে জমা হতে যাচ্ছে।
রোববার রাতের ম্যাচে মার্কাস রাশফোর্ড এবং ফেরান তোরেসের গোলে জয় নিশ্চিত করে বার্সা তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা উৎসব শুরু করেছে। মাঠের সাফল্যের পর এই আর্থিক প্রাপ্তি ক্লাবটির ভবিষ্যৎ দলবদলে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
