স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বরিশালের বিভিন্ন হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। আজ সোমবার (১১ মে) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই পরিদর্শনে তিনি হাসপাতালগুলোর চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা এবং দালালচক্রের দৌরাত্ম্য নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
মন্ত্রী প্রথমে বরিশাল জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) পরিদর্শনে যান। সেখানে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডায়ালাইসিস টেকনিশিয়ান জসিম মাতুব্বরকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি। হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষুব্ধ মন্ত্রী আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুরো হাসপাতাল পরিষ্কার করার কঠোর নির্দেশ দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হাসপাতালের বহির্বিভাগের মান সন্তোষজনক নয়। চিকিৎসকরা দেরিতে আসেন বলেও অভিযোগ পেয়েছি।” এছাড়া রোগীদের প্রাইভেট ক্লিনিকে ভাগিয়ে নেওয়া দালালচক্রের বিরুদ্ধে দ্রুত পুলিশি অভিযান চালিয়ে তাদের আটকের নির্দেশ দেন তিনি।
দেশে হামের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, “২০২০ সালের পর টিকা কার্যক্রমের ধারাবাহিকতা না থাকায় এই সংকট তৈরি হয়েছে। তবে সরকার দ্রুত টিকা সংগ্রহ করেছে এবং বর্তমানে রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। টিকা দেওয়ার চার সপ্তাহ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”
দুপুরে মন্ত্রী আমানতগঞ্জ এলাকায় উদ্বোধনের অপেক্ষায় থাকা শিশু হাসপাতাল পরিদর্শন করেন। তিনি জানান, আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে চালু হবে এবং জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন হবে। এছাড়া, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের ঘোষণা দিয়ে তিনি বলেন, এখন থেকে একজন মন্ত্রীকে সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্যদের সদস্য করে নতুন কমিটি গঠন করা হবে, যাতে সঠিক তদারকি নিশ্চিত হয়।
