বার্সেলোনা এখন উৎসবের নগরী। একদিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারানোর তৃপ্তি, অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা নিজেদের করে নেওয়া—এই জোড়া সাফল্যে ভাসছে ন্যু ক্যাম্প। স্প্যানিশ লিগের ইতিহাসে এল ক্লাসিকো জিতে শিরোপা নিশ্চিত করার রেকর্ড এই প্রথম, যা বার্সা ও রিয়ালের দীর্ঘ লড়াইয়ের ইতিহাসে আগে কখনও ঘটেনি।
ঐতিহাসিক এই অর্জন উদযাপন করতে ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করেন বার্সার ফুটবলাররা। বার্সেলোনার রাজপথে নেমে এসেছিল প্রায় সাড়ে সাত লাখ ফুটবল ভক্তের ঢল। সমর্থকদের এই উচ্ছ্বাসের ঢেউয়ের মাঝে দাঁড়িয়ে ফুটবলাররা একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।
এই উৎসবের মাঝে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। সমর্থকদের ভিড়ে ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা নাড়াতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। অনেকেই একে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি হিসেবে দেখছেন।
শুধু তাই নয়, রিয়াল মাদ্রিদ ভক্তদের খোঁচা দিতে একটি বিশেষ জার্সি উঁচিয়ে ধরেন ইয়ামাল। যাতে লেখা ছিল, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে, আমি মাদ্রিদিস্তা (রিয়াল সমর্থক) নই’। উল্লেখ্য, রিয়ালকে হারিয়ে ৩ ম্যাচ হাতে রেখেই ১৪ পয়েন্টের ব্যবধানে লিগ শিরোপা নিশ্চিত করে ফেলে জাভির শিষ্যরা।
ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, “বার্সেলোনা আবারও বার্সার প্রতি নিজেদের আবেগের প্রদর্শনী দেখিয়েছে। ব্লুগ্রানা সমর্থকদের সমুদ্রে পরিণত হয়েছিল শহরের রাস্তাগুলো। এই দলটি ইতিহাসে একের পর এক সাফল্যের অধ্যায় লিখে চলেছে।”
