ভারতের দক্ষিণী সিনেমার দুই প্রজন্মের দুই জনপ্রিয় তারকা নান্দামুরি বালাকৃষ্ণা ও কাজল আগরওয়াল। বয়সের হিসেবে কাজল তাঁর ‘হাঁটুর বয়সি’ হলেও পর্দায় তাঁদের রসায়ন এর আগেও দর্শকদের নজর কেড়েছে। এবার সেই জনপ্রিয়তাকে পুঁজি করে আবারও জুটি বাঁধতে যাচ্ছেন তাঁরা।
সিয়াসাত ডটকমের এক প্রতিবেদন অনুযায়ী, পরিচালক গোপীচন্দ্র মালিনেনি তাঁর পরবর্তী সিনেমা ‘এনবিকে ১১১’ (অস্থায়ী নাম)-এর জন্য কাজল আগরওয়ালকে চূড়ান্ত করেছেন। শুরুতে এই সিনেমায় লেডি সুপারস্টার নয়নতারাকে নেওয়ার কথা ভেবেছিলেন নির্মাতারা। তবে তাঁর শিডিউল জটিলতা এবং চড়া পারিশ্রমিক সিনেমার বাজেটের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত কাজলের ওপরই ভরসা রাখছেন প্রযোজকরা। যেহেতু এর আগে ‘এনবিকে ১০৮’ সিনেমায় এই জুটি সফল ছিল, তাই তাঁদের কেমিস্ট্রি নিয়ে নির্মাতারা বেশ আত্মবিশ্বাসী।
এই অসম জুটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বর্ষীয়ান অভিনেতা বালাকৃষ্ণার বর্তমান বয়স ৬৫ বছর, অন্যদিকে কাজল আগরওয়ালের বয়স ৪০। তাঁদের বয়সের এই ২৫ বছরের পার্থক্য সত্ত্বেও বাণিজ্যিক সিনেমার সাফল্যের সমীকরণ মেলাতে অভিজ্ঞ নায়ক ও প্রতিষ্ঠিত নায়িকাকেই প্রাধান্য দিচ্ছেন নির্মাতারা।
কেবল নায়িকা পরিবর্তনই নয়, সিনেমার বাজেটের সঙ্গে সামঞ্জস্য রাখতে চিত্রনাট্য ও কারিগরি দিকেও বেশ কিছু পরিবর্তন আনছেন পরিচালক গোপীচন্দ্র। বর্তমানে সিনেমাটির অফিশিয়াল নাম এবং ফার্স্ট লুক প্রকাশের অপেক্ষায় রয়েছেন ভক্তরা। কমার্শিয়াল ঘরানার এই সিনেমাটি বক্স অফিসে কেমন প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।
