ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল চক্রের নৃশংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছে কিডনি রোগে আক্রান্ত শিশু মিনহাজ। অভিযোগ উঠেছে, সরকারি হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিকে পাঠানোর উদ্দেশ্যে শিশুটির মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে নেয় এনায়েত করিম নামে এক দালাল। মঙ্গলবার (১২ মে) বিকেলে হাসপাতালের ২ নম্বর ভবনের গেটে বাবার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি।
নিহতের স্বজনরা জানান, উন্নত চিকিৎসার জন্য মিনহাজকে রংপুর থেকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। সেখানে শয্যা খালি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এনায়েত করিম পরিবারটিকে বিভ্রান্ত করে এবং কাঁটাবনের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তির পরামর্শ দেয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ক্লিনিকে নেওয়ার উদ্দেশ্যে জোরপূর্বক অক্সিজেন মাস্ক খুলে ফেলে এনায়েত। দীর্ঘ ২০ মিনিট অক্সিজেনহীন অবস্থায় থাকার পর অ্যাম্বুলেন্সে তোলার সময় শিশুটির মৃত্যু হয়।
অভিযুক্ত এনায়েত করিম ঢামেক হাসপাতালেরই সাময়িকভাবে বরখাস্ত হওয়া একজন অফিস সহকারী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে তাকে আগে বরখাস্ত করা হয়েছিল। পুলিশ তাকে আটক করেছে। ঢামেক সংশ্লিষ্টরা জানান, হাসপাতালে সক্রিয় প্রায় অর্ধশত দালালের সিন্ডিকেট মুমূর্ষু রোগীদের আইসিইউর ভয় দেখিয়ে বেসরকারি ক্লিনিকে ভাগিয়ে নেয়, যার বলি হলো আজ এই অবুঝ শিশু।
